টাঙ্গাইলের কালিহাতীতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে শহিদুল ইসলাম মণ্ডল (৬০) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত শহিদুল ইসলাম চরহামজানী গ্রামের মৃত কাশেম মণ্ডলের ছেলে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামে জাহাঙ্গীর আলম বিএম কলেজের পূর্বপাশে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ?স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পটোল বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন শহিদুল ইসলাম।
পথিমধ্যে একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ইউসুফ আলী (মেকার) পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। শহিদুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। ?পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ?ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
