কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে অনুষ্ঠিত নৌকা বাইচে অংশ নেয়া এক মাঝির লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজের ৩৮ ঘণ্টা পর রোববার সকালে ঘোরাউত্রা নদীর চুন্তিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাঝি কফিল উদ্দিন (৪২) উপজেলার গুরুই ইউনিয়নের উত্তরহাটি বাগবাড়ির হাজী আবু মিয়ার ছেলে। তিনি ওই এলাকার বাইচের নৌকার শির মাঝি ছিলেন। সূত্র মতে, গত ১৮ই সেপ্টেম্বর বিকাল ৩টায় মেঘনার শাখা ঘোরাউত্রা নদীতে অনুষ্ঠিত হয় নিকলীর প্রাগৈতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে উপজেলার গুরুই উত্তরপাড়াসহ মোট ১১টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। প্রতি পর্বে ৩টি করে নৌকা বাইচ করে।
গুরুই উত্তর হাটির নৌকাটি তলা থেকে ছেড়ে আসার কিছুক্ষণের মধ্যেই প্রধান মাঝি ঝুটন ও দ্বিতীয় প্রধান কফিল উদ্দিন নৌকা থেকে পড়ে যায়। ঝুটনকে উদ্ধার করা গেলেও কফিল উদ্দিন নিখোঁজ হন। নিকলী ফায়ার সার্ভিস ও কিশোরগঞ্জ হতে আগত ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রাখে।
রোববার চুন্তিঘাট এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। দুই ছেলে ও এক কন্যার জনক কফিল উদ্দিন পেশায় একজন পল্লী চিকিৎসক। গুরুই মঠভাঙ্গা বাজারে তার একটি ফার্মেসি রয়েছে বলে জানা যায়।
