সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুইদিন পর মাহি আহমদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শিবগঞ্জ বাজারসংলগ্ন খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় ইটাখলা নদীতে শিশুটির লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে পুলিশকে খবর দেন। স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নদীর পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দেয়া হয়।
নিহত মাহি আহমদ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে ইটাখলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় মাহি। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ অভিযানেও তার সন্ধান পাওয়া যায়নি। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শিশুটির লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
