জাল সনদে চাকরি নেয়ার দায়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলাকে চাকরি থেকে অপসারণের পাশাপাশি তার উত্তোলন করা বেতন-ভাতার ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, মোহাম্মদ গোলাম মাওলা জালিয়াতির মাধ্যমে তৈরি করা শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের অফিস সহকারী পদে চাকরি গ্রহণ করেন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে রুজু হওয়া বিভাগীয় মামলায় (নং ০৯/২০২১) আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে ‘দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন) এমপ্লয়িজ (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস, ১৯৮৩’-এর বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।
অফিস আদেশে আরও বলা হয়, জাল সনদের ভিত্তিতে চাকরি নেয়ায় তার নিয়োগটি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য হয়েছে। ফলে নিয়মানুযায়ী তিনি চাকরি চলাকালীন কোনো প্রকার বেতন-ভাতাদি পাওয়ার যোগ্য নন। হিসাব অনুযায়ী, ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি বাবদ তিনি মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করেছেন। অবৈধভাবে গৃহীত এই সম্পূর্ণ অর্থ আগামী ৩০ দিনের মধ্যে ‘অটোমেটেড চালান সিস্টেম’-এর মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।
