লড়াইটুকুও করতে পারলো না বাংলাদেশ। ভারতের দেয়া ১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে স্রেফ ৮১ রানেই গুটিয়ে গেল লাল-সবুজের মেয়েরা। অথচ ভারতের হয়ে শেফালি বর্মা একাই করেছেন ১০০ রান। ১১৪ রানের জয়ে এশিয়ান গেমস নারী ক্রিকেট ইভেন্টের ফাইনালে পৌঁছে গেল ভারত। সোনার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় মেয়েরা।
বাংলাদেশের হয়ে ২ অঙ্কের রান ছুঁতে পারেন কেবল ওপেনার দিলারা আক্তার (২৭), শারমিন আক্তার (১০) ও সুলতানা খাতুন ( ৯*)। বাকিরা কেবল আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন নন্দিনী শর্মা ও দীপ্তি শর্মা। ২ উইকেট নেন শ্রী চরণী।
এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ৭২ রান তোলে ভারত। ব্যক্তিগত ৩৭ রানে স্মৃতি মান্ধানা বিদায় নিলেও ঝড় চালিয়ে যান শেফালি। অধিনায়ক হারমনপ্রীত কৌরের অবদান ৪০ রানের। ইনিংসের শেষ বলে ব্যক্তিগত শতরান ছুঁয়ে অপরাজিত থাকেন শেফালি।
