কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে স্তব্ধ দেশের মানুষ। ফেসবুক যেন শোক বইয়ে পরিণত হয়েছে। অনেকেই বিচার চাইছেন এ হত্যাকাণ্ডের। এমন ঘটনায় বাকরুদ্ধ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শিশুদের ওপর এমন নৃশংসতা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই। নিজের ফেসবুক পোস্টে অপূর্ব লেখেন, একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠার সুযোগ তার সবচেয়ে স্বাভাবিক অধিকার।
অথচ শিশুদের ওপর বারবার এমন নৃশংসতা সমাজ ও বিবেকের চরম পতনের ইঙ্গিত দেয়। অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করলেও সাম্প্রতিক শিশু হত্যার ঘটনাগুলো তাকে একজন বাবা ও দেশের সাধারণ নাগরিক হিসেবে স্তব্ধ করে দিয়েছে বলে জানান এই অভিনেতা। শিশুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে অপূর্ব বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই সমাজের অস্তিত্বই অর্থহীন। একই সঙ্গে অভিভাবকদের আরো সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন তিনি। তার ভাষ্য, একটু বাড়তি সতর্কতা ও সচেতন নজরদারি হয়তো অনেক বড় বিপদ থেকে সন্তানকে রক্ষা করতে পারে।
ঘরের ভেতরে কিংবা বাইরে—কোথাও যেন শিশুদের নিরাপত্তায় কোনো ঘাটতি না থাকে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিশু হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অপূর্ব। শিশুদের জন্য দেশকে নিরাপদ করে তোলাকে সবচেয়ে বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
