ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার

কংগ্রেসে পেন্টাগনের হিসাব

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার

ফন্ট সাইজ:

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতিমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলারে (৫ লাখ ৫৫ হাজার ২৭৩ কোটি টাকা) পৌঁছেছে। কংগ্রেসকে এমনটা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। শুক্রবার মার্কিন আইনপ্রণেতাদের কাছে পাঠানো এক গোপন নথিতে যুদ্ধ ব্যয়ের এই হালনাগাদ তথ্য তুলে ধরা হয়। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, গত ৩রা সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে মূল সামরিক ব্যয় হয়েছে ৪৩ দশমিক ৬ বিলিয়ন ডলার (প্রায় ৫ লাখ ৩৬ হাজার ৮০৩ কোটি টাকা)। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এটি যুদ্ধের সামগ্রিক ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব নয়। এতে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি বা বিভিন্ন স্থাপনা মেরামতের সম্ভাব্য ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া পরোক্ষ সামরিক ব্যয়ের বিস্তারিত বিবরণও এখনও আইনপ্রণেতাদের সামনে তুলে ধরা সম্ভব হয়নি। সব মিলিয়ে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় আরো অনেক বাড়তে পারে।

পেন্টাগনের দেয়া এই নতুন হিসাবটি এর আগে কংগ্রেসনাল বাজেট অফিসের (সিবিও) পূর্বাভাষকেও ছাড়িয়ে গেছে। এর আগে গত ১লা আগস্ট পর্যন্ত যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করেছিল সিবিও। এই দীর্ঘমেয়াদি যুদ্ধ ২০২৭ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতি আরও উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা মার্কিন অর্থনীতি নিয়ে নাগরিকদের চলমান উদ্বেগকে আরও তীব্র করবে।
(১ ডলার= ১২৩.১২ টাকা ধরে)