মিরপুরে ২ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

ফন্ট সাইজ:

গতকাল ফের সন্ধ্যার পর রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার রাজধানীর মিরপুরে পৃথক ঘটনায় দু’টি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭টার দিকে মিরপুর ১ ও ১১ নম্বরে এ ঘটনা ঘটে। একই সময়ে যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। ঠিক একইসময়ে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প এলাকার ডেল্টা হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকা অভিজাত ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই বাসের যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে পড়েন। স্থানীয়রা পরে নিজের উদ্যোগে আগুন নিভিয়ে ফেলে।

এ বিষয়ে পল্লবী থানার ওসি মো. হাসান বাশির মানবজমিনকে বলেন, শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি আমি ঘটনাস্থলে যাচ্ছি।
মিরপুরে দুই বাসে আগুনের সময়ে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক রিকশাচালক আহত হয়েছেন।

ডিএমপি’র ওয়ারী বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা মানবজমিনকে বলেন, সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। আমরা জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।