সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তুমুল লড়াই, নিহত ৪৮

সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তুমুল লড়াই, নিহত ৪৮

ফন্ট সাইজ:

দক্ষিণ ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী ও ইরান মদদপুষ্ট হুতি যোদ্ধাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপিকে উভয় পক্ষের সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের সরকারি বাহিনীর সামরিক সূত্র জানিয়েছে, সর্বশেষ সংঘর্ষে তাদের ১৭ সেনা নিহত হয়েছে। অন্যদিকে হুতিরা জানিয়েছে, তাদের ৩১ যোদ্ধা নিহত হয়েছে।
এদিকে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদ বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ দেশটির রাজধানীসহ দেশজুড়ে ‘শত্রুতাপূর্ণ আকাশপথের হুমকি’র সতর্কতা জারি করে।

খবরে বলা হয়েছে, রিয়াদে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরেই সকালে বিমানবন্দরের কাছে আগুন ও ধোঁয়ার খবর এলো।
আঞ্চলিক শক্তিশালী দেশ সৌদি হুতিদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে গত কয়েক বছরে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে। তবে এসব হামলা হুতিদের অগ্রযাত্রা থামাতে পারেনি।
সাম্প্রতিক দিনগুলোতে রিয়াদ তার মিত্র যুক্তরাষ্ট্রের কাছেও সহায়তা চেয়েছে। যদিও এখনো সেই সহায়তা বাস্তবে পাওয়া যায়নি।

সর্বশেষ এই পরিস্থিতিকে ইয়েমেনের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কারণ, এই প্রথম সংঘাতটি সৌদি রাজধানী রিয়াদের জন্য সরাসরি হুমকি তৈরি করেছে।