নেত্রকোণার পূর্বধলা উপজেলায় চলতি আমন মৌসুমে আমন আবাদ শেষ হয়েছে। আগস্টের প্রথম সপ্তাহে অতি বর্ষণের কারণে আবাদে সমস্যা হলেও পরে তা ঠিক হয়ে যায়। কোনো কোনো আমনের জমিতে এখন ধানের থোর বের হতে দেখা গেছে। পূর্বধলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি আমন মৌসুমে পূর্বধলা উপজেলায় ১৯ হাজার ৪২০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছিল কিন্তু, আবাদ হয়েছে ১৯ হাজার ৪২৩ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হেক্টর বেশি। পূর্বধলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন জানান, পূর্বধলায় আমনের আবাদ এ বছর অনেক ভালো হয়েছে। এ বছর সারা উপজেলায় আমনের ফলন ভালো হবে। কারণ, এখন পর্যন্ত আমন ফসলের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে।
এ বছর আমন ধানের উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৬৪ হাজার ৬৫৭ টন। পূর্বধলা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক আবুল হাশিম বলেন, ‘আমন আবাদে এবার কোনো সমস্যা হয়নি। কৃষি বিভাগ থেকে তাদের খোঁজখবর নেয়া হয়েছে এবং সার পেতেও সহযোগিতা করা হয়েছে।’ ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল গ্রামের কৃষক মো. আনোয়ার হোসেন জিলান বলেন, এ বছর আমন ধানের ফলন গত বছরের তুলনায় এখন পর্যন্ত ভালো।
পোকা মাকড়ের আক্রমণ কম, কৃষি পণ্য সবই হাতের নাগালে আছে তবে পরবর্তী সময়ে কি হয় একমাত্র আল্লাহ ভালো জানেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ বছর উপজেলায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কারণ, আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘উপজেলায় আমন ধানের জমিতে দেয়ার জন্য সব প্রকার সারের পর্যাপ্ত মজুত রয়েছে। এই নিয়ে কৃষকদের উৎকণ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই।’
