লালপুরে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে পানিতে ডুবে মোছা. সোহাগী খাতুন আতিয়ারা (৯) ও আবু বক্কার সিদ্দিক (৬) নামে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর পৌর এলাকার ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু উপজেলার দাইড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঈশ্বরপাড়া গ্রামের মো. আতিকুল ইসলাম ও মোছা. ববি খাতুন দম্পতির সন্তান। জানা যায়, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আতিয়ারা ও শিশু শ্রেণির শিক্ষার্থী আবু বক্কার সিদ্দিক দুপুরের খাবার খাওয়ার পর বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বিকাল সাড়ে ৩টার দিকে তাদের বাবা পুকুরের পানিতে দুই সন্তানকে ভাসতে দেখেন। এ সময় দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই সন্তানের অকাল মৃত্যুতে বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।