সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ফন্ট সাইজ:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি প্রথমে পুরনো কারাগার এবং পরে বাদাঘাটে অবস্থিত কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। ১৭ই সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি’র দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিলেটের পুরনো কারাগারের স্থানে নান্দনিক পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের জন্য ভূমিটি সিলেট সিটি করপোরেশনকে হস্তান্তরের সিদ্ধান্তের একদিন পরই স্বরাষ্ট্র সচিব সিলেটে এসে কারাগার পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করলেন।
নির্বিঘ্নে হাঁটাচলা এবং মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়ার জন্য নগরবাসীকে একটি উন্মুক্ত সবুজ উদ্যান উপহার দিতে কারাগারের ভূমি সিলেট সিটি করপোরেশনকে হস্তান্তরের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আধা-সরকারি (ডিও) পত্র দেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। পত্রের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে। কমিটি সরজমিন পরিদর্শন করে ভূমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে প্রতিবেদন দেয়। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেই প্রতিবেদন পর্যালোচনার পর পুরনো কারাগারের স্থলে পার্ক ও রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের নামে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য ভূমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। সভায় শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সিদ্ধান্তের একদিন পরই শনিবার সিলেটে এসে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। দুপুর ১২টায় তিনি পুরনো কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ও করেন। এরপর তিনি ধোপাদীঘির পাড় ওয়াকওয়ে এবং রংমহল টাওয়ারের পাশের কারাগারের ভূমি পরিদর্শন করেন। এরপর তিনি বাদাঘাটে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।