সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে বাসের ধাক্কায় দুই ট্রাকচালকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণয় কুমার প্রামাণিক মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল গভীর রাতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর গ্রামের আপন ইসলাম (২৬) ও তাড়াশ উপজেলা সদরের আসলাম সেখ (৪০)। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে একটি ট্রাকের ওয়াটার পাম্প সমস্যা হওয়ায় মহাসড়কের পাশে বন্ধ হয়ে যায়।
পরে আরেকটি ট্রাকচালক এসে ওয়াটার পাম্পটি ঠিক করার চেষ্টা করছিলেন। কিন্তু এ সময় ঢাকাগামী আলিশা পরিবহন নামের একটি বাস দ্রুতগতিতে এসে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মেরামত কাজে জড়িত থাকা দুই ট্রাকচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। পরে রাতেই ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় আনা হয়। তবে পুলিশ পৌঁছার আগেই বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা ও মরদেহ দু’টি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
