১ সপ্তাহের ব্যবধানে ৪ খুন

বানিয়াচংয়ে গ্রাম্য দাঙ্গায় আরও এক প্রাণহানি

ফন্ট সাইজ:

হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম্য দাঙ্গার নির্মম বলিতে আরও একটি তরতাজা প্রাণ ঝরে গেছে। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে বানিয়াচংয়ে রক্তক্ষয়ী সংঘাত ও দাঙ্গায় ৪টি খুনের ঘটনা ঘটলো। সর্বশেষ শনিবার সকাল পৌনে ৯টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুরুতর আহত তোফাজ্জল মিয়া (৩৬)। তিনি বানিয়াচং ৩নং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. শাহীন মিয়ার ছোট ভাই এবং ঠাকুরাইন দীঘির পূর্ব পাড়ের মৃত মতিবুর রহমানের ছেলে। নিহত তোফাজ্জলের সংসারে ৩ সন্তান রয়েছে। জানা যায়, পাড়াগাঁও ৭ মহল্লার কাছ থেকে বড় বাঁধের সংলগ্ন একটি খাল লিজ নেন স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া।

গত বৃহস্পতিবার শাহীন মিয়ার লিজকৃত ওই খালে জোরপূর্বক মাছ ধরতে যায় বানেশ্বর আক্তাপাড়া এলাকার জিতু মিয়া ও তার লোকজন। এতে শাহীন মিয়া বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে জিতুগংদের হামলায় শাহীনের ভাই তোফাজ্জল মিয়া গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে দ্রুত সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে একের পর এক গ্রাম্য দাঙ্গায় ১ সপ্তাহে ৪ খুনের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর আছে। লিজের খাল নিয়ে মাছ ধরার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।