কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১১৬ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী রয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কারও মৃত্যু হয়নি। ২৩২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনজন রোগী অন্যত্র চিকিৎসা নিয়েছেন। বর্তমানে এ হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক চিকিৎসাসেবা ও পরিচর্যার কারণে ডেঙ্গু চিকিৎসায় আস্থা ও ভরসার নাম হয়ে উঠেছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল।
একইভাবে হাম রোগীদের চিকিৎসায় দৃষ্টান্ত গড়েছে হাসপাতালটি। চলতি বছরের প্রথম সাড়ে ৮ মাসে হামে আক্রান্ত হয়ে এ হাসপাতালে মোট ১৪৩৯ জন শিশু চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৩৯৩ জন শিশু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। বর্তমানে ৩৩ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। ডেঙ্গুর মতো হামে আক্রান্ত হয়েও এ হাসপাতালে কোনো রোগী মারা যায়নি। চিকিৎসক-নার্সসহ জনবলের ঘাটতি থাকার পরও ডেঙ্গু ও হাম রোগের চিকিৎসায় হাসপাতালটি প্রশংসা কুড়াচ্ছে। হাসপাতালটিকে আরও সেবা ও রোগীবান্ধব হাসপাতালে পরিণত করতে বিদ্যমান সমস্যা ও চাহিদা নিয়ে শনিবার অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য উপস্থাপন করা হয়। এতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরেন হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম।
এতে অন্যদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান, উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. আতিকুল সারোয়ার, ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মীর নুর উস সাদ প্রমুখ বক্তব্য রাখেন।
