সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশের একটি সামরিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ১১ জন। শনিবার সিরিয়ার কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেইর এজ-জোর প্রদেশে ‘সিরিয়ান আরব আর্মির একটি স্থাপনায় বিস্ফোরণে নিহত ১১ শহীদের’ জানাজা ও দাফনের আয়োজন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে শুক্রবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেইর এজ-জোরে সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। তবে বিস্ফোরণের কারণ তখনও তদন্তাধীন ছিল।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর ঘটনাস্থলে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে তখন হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
সিরিয়ায় অস্ত্রের গুদামে এর আগেও বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দীর্ঘ এক দশকের বেশি সময়ের গৃহযুদ্ধের পর দেশটি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
চলতি মাসের শুরুতে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত হন। এর আগে একই অঞ্চলে গোলাবারুদবোঝাই একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছিলেন।
