২০২৫ সালে নতুন করে ঘর বাঁধেন অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যাংকার তানজিম তৈয়বের সঙ্গে সেই নতুন জীবনের এক বছর পূর্ণ হয়েছে। দ্বিতীয় বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে অতীতের নানা কষ্ট, মানসিক লড়াই ও বর্তমান জীবনের সুখের কথা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী। বিবাহবার্ষিকীর প্রথম প্রহর ঘরোয়াভাবে উদ্যাপন করেন ফারিয়া-তানজিম। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও নিজের অনুভূতি শেয়ার করেন অভিনেত্রী। অতীতের ভুল সিদ্ধান্ত ও সামাজিক চাপের কথা তুলে ধরে ফারিয়া লেখেন, প্রতিটি মানুষের মতো আমিও জীবনে অনেক ভুল করেছি। কিন্তু আমার কিছু ভুল শুধু ভুল বললে হবে না; লিটেরালি নিজের সঙ্গে নিজে অন্যায় করেছি। সামাজিকতা রক্ষায় নিজ চরিত্রের বাইরে গিয়ে অন্যায় সহ্য করেছি। ফারিয়া বলেন, সহ্য করতে না পারলে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে কখনো কখনো রাগ ঝেড়েছি। নিজের এবং অন্যের ওপর জমা এই জেদ সরাতে কাউন্সেলিং, থেরাপি— কিছুই বাদ দিইনি। ফারিয়া লেখেন, আল্লাহ্ তার সৃষ্টিকে খুব বেশিদিন কষ্টে রাখেন না।
তিনি আমাকেও এত বছরের কষ্ট সহ্য করার উপহারস্বরূপ এই ভদ্রলোককে আমার জীবনে পাঠিয়েছেন। তার চেয়েও বড় উপহার, আমাকে চমৎকার একটা পরিবারের অংশ করেছেন। তিনি জানান, শ্বশুর-শাশুড়ির সঙ্গে নিজের অনেক কিছু ভাগ করে নিতে পারেন এবং ননদের সঙ্গে তানজিমকে নিয়েও হাসি-ঠাট্টা করতে পারেন। সবকিছুর জন্য আল্লাহ্র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, আলহামদুলিল্লাহ্। আবেগঘন এই বার্তার শেষদিকে স্বামী তানজিমের উদ্দেশ্যে মজার একটি বার্তাও দিয়েছেন ফারিয়া। তাকে ট্যাগ করে লিখেছেন, হ্যাপি অ্যানিভার্সারি তানজিম। সামনের বছরের তোমার প্রতিপাদ্য বিষয়— রুম থেকে বের হলে লাইট/ফ্যান/এসি অফ করতে হয় আর ফ্রিজ থেকে পানি বের করলে ফ্রিজের দরজা বন্ধ করতে হয়।
