২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে অভিনয়ে পা রাখেন রাশমিকা মান্দানা। এরপর তেলেগু সিনেমায় একের পর এক কাজ করে পরিচিতি পান তিনি। ২০২২ সালে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। ‘এনিম্যাল’, ‘ছাওয়া’ ও ‘সিকান্দর’র মতো সিনেমায় অভিনয় করে হিন্দি দর্শকদের কাছেও জনপ্রিয়তা পেয়েছেন রাশমিকা। বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করতে গিয়ে অবশ্য উচ্চারণ ও ভাষাজ্ঞান নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী।
রাশমিকা বলেন, কোনো একটি ভাষায় তিনি পুরোপুরি পারদর্শী নন। তবে যে ভাষায় কথা বলছেন, সেই ভাষায় মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারাটাই তার কাছে গুরুত্বপূর্ণ। তার মতে, ভাষার মূল উদ্দেশ্য মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা। কর্ণাটকের কোর্গে জন্ম ও বেড়ে ওঠা রাশমিকার। তার বেড়ে ওঠার অঞ্চলের নিজস্ব ভাষায় বড় কোনো চলচ্চিত্রশিল্প না থাকলেও ভাষা কখনো তার ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং দর্শকদের ভালোবাসায় বিভিন্ন ভাষার সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন তিনি। রাশমিকা জানান, সমালোচনা নিয়ে না ভেবে প্রতিটি সিনেমায় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেন। সেটে নিজের কাজটুকু ঠিকভাবে করাই একজন অভিনেতার দায়িত্ব বলে মনে করেন তিনি।
