বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছরে জাতির মেরুদণ্ডকে দুর্বল করা হয়েছে। মানবিক মেরুদণ্ডকে প্লাস্টিকের মেরুদণ্ডে রূপান্তরিত করা হয়েছে। আন্তর্জাতিকভাবে আমাদের যে প্রতিযোগিতা ছিল, সেটা ইসলামিক হোক বা টেকনোলজিতে হোক— আমাদের সেই প্রতিযোগিতা থেকে নিষ্ক্রিয় করা হয়েছিল। শনিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিজভী আরও বলেন, বিগত ১৭ বছরে কোনো বড় জায়গা থেকে ফোন এলে খাতায় না লিখলেও পাস করিয়ে দেয়া হতো।
তিনি বলেন, একটি ছেলে খাতায় কিছু না লিখে শুধু প্রশ্নপত্র তুলে দিয়েছে, তাকেও পাস করিয়ে দিতে বলা হয়েছে বিগত সময়ে। তিনি বলেন, গত সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। কিন্তু একজন মাত্র ১ পয়েন্ট পেয়েছে ১০০ পয়েন্টের মধ্যে। বর্তমান সরকার যতটুকু ফলাফল মেধার ভিত্তিতে হওয়া দরকার, ততটুকুই ফলাফল দিচ্ছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এসএসসি পর্যন্ত ছাত্রীদের বেতন অবৈতনিক করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী ছাত্রীদের জন্য বিএ ও বিএ অনার্স পর্যন্ত অবৈতনিক করেছেন। কেরানীগঞ্জের একটি ছেলে নটর ডেম কলেজে ভর্তি হতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, তাকে আমি অভিনন্দন জানাই। নটর ডেমের মতো মানসম্মত কলেজ দেশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠা করতে হবে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট নিপুণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ঢাকা জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট সুলতানা নাসের, জিনজিরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোকারম হোসেন সাজ্জাত, কেরানীগঞ্জ সিএনজি ব্যবসায়ী সমিতির সভাপতি ইমাম উল্লাহ মাস্তানসহ বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং পরিচালনা কমিটির সভাপতিরা। অনুষ্ঠানে স্কুল-কলেজের অধ্যক্ষদের পক্ষ থেকে বক্তব্য দেন চুনকুটিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ।
