নওগাঁয় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে নারী বিক্রেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে ১১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে মাদকের হটস্পট হিসেবে খ্যাত শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— সুইপার কলোনির শ্রী মুনি (৪০), শহরের খাস নওগাঁ এলাকার শাওন (৪২), পূর্বপাড়া এলাকার মৃত সুবেদ আলীর ছেলে মানিক (৩৮)। এবং শহরের ছেলে রাকিব (১৯), হাট নওগাঁ এলাকার হোসেন (১৯), কমাই গাড়ি এলাকার মাসুদ রানা (৩২), সদর উপজেলার সিয়াম (১৯), আত্রাই উপজেলার মনোয়ার হোসেন (৪৮) ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ছেলে রাজু মিয়া (৩২)। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রী মুনি নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সহযোগী হিসেবে মাদক বিক্রেতা মানিক ও শাওনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকল আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
