গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থীদের মনোবল হারালে চলবে না: শিশির মনির

ফন্ট সাইজ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, গ্রামে জন্ম নেয়া বা প্রত্যন্ত এলাকায় বেড়ে ওঠা কোনো শিক্ষার্থীর মনোবল দুর্বল করা উচিত নয়। পরিশ্রম ও সাধনা থাকলে গ্রামের শিক্ষার্থীরাও জীবনে বড় সফলতা অর্জন করতে পারে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে দিরাই উপজেলা ইসলামী ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিশির মনির বলেন, অজপাড়াগাঁয়ের অন্ধকারে কাদামাটি পেরিয়ে আমরা স্কুলে গিয়েছি। গ্রাম থেকে বড় হওয়া আমাদেরকে বড় বড় শহরের ছেলেরা কখনো হারাতে পারেনি।

তিনি বলেন, শহরে পড়াশোনা করা শিক্ষার্থীদের পাশাপাশি যারা গ্রামের ক্ষেতের আইল দিয়ে হেঁটে, ধানের গন্ধে বড় হয়েছে, তাদেরও এগিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে। প্রতিকূল পরিবেশকে বাধা হিসেবে না দেখে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, খবরদার, গ্রামে জন্ম নিয়েছো, দরিদ্র ঘরে জন্ম নিয়েছো, দিরাই-শাল্লার কোনো ইউনিয়নে জন্ম নিয়েছো যেখানে রাস্তাঘাট নাই, এজন্য মনকে দুর্বল করবা না। যদি সত্যিকার অর্থে পরিশ্রম করতে পারো, তবে তোমাদের দেখে শহরের ছেলেমেয়েরা ভয়ে তাদের স্থান ছেড়ে দিতে বাধ্য হবে।

তিনি শিক্ষার্থীদের পরিশ্রম, কষ্ট ও সাধনা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, মোবাইল ফোনের ব্যবহার একসময় শেষ হবে কিন্তু জীবনে অর্জিত জ্ঞান ও সাফল্য দীর্ঘস্থায়ী হবে। অনুষ্ঠানে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সহিবুর রহমানের সভাপতিত্বে এবং শাল্লা উপজেলা সভাপতি মো. শাহনুর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম। এ ছাড়া অভিভাবকদের মধ্যে দিরাই প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন এবং কৃতী শিক্ষার্থী সাকিব আহমদ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক এবং দিরাই-শাল্লার শতাধিক কৃতী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।