চট্টগ্রামে রিকশা থামিয়ে ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

চট্টগ্রামে রিকশা থামিয়ে ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে সতীশ বাবু লেনে রিকশাযাত্রীকে ছুরি দেখিয়ে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে প্রায় এক মিনিটের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে দেখা যায়, একটি প্যাডেলচালিত রিকশা থামিয়ে দুই ব্যক্তি এক যাত্রীকে ঘিরে রেখেছেন। তাদের একজনের হাতে ছিল ধারালো ছুরি। অন্যজন ওই যাত্রীর প্যান্টের পকেট থেকে টাকা ও মুঠোফোনসহ জিনিসপত্র বের করার চেষ্টা করছিলেন। এ সময় আতঙ্কিত ওই যাত্রীকে বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’ একপর্যায়ে নড়াচড়া করলে তার বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করার দৃশ্যও ভিডিওতে দেখা যায়। পকেট থেকে জিনিসপত্র বের করতে না পেরে পরে এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে ওই যাত্রীর প্যান্টের পকেট কেটে ফেলেন।

এর মধ্যে আশপাশের ভবন থেকে কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। ভিডিওতে ‘এই, এই, মার-মার’ বলে চিৎকারের শব্দ শোনা যায়। পরে দুই ব্যক্তি দ্রুত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিডিওতে ছিনতাইকারীদের পালিয়ে যাওয়ার সময় ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও দেখা যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। তবে এ বিষয়ে কোনো ভুক্তভোগী থানায় আসেননি।

বিষয়টি জানার পর আমরা এলাকায় টহল জোরদার করেছি।’ তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) খায়রুল বাশার জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের টিম কাজ করছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।