নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে মাধ্যমিক পর্যায়ের উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) এর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। মতবিনিময় সভায় উপজেলার ৪৪টি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, জেলা বিএনপি’র সদস্য এড. আব্দুল কাদের মিয়া ও এড. শরীফুল হক মুক্তা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধানাইদহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আকমল হোসাইন, বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, রয়না ভরাট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি উপস্থিত, শ্রেণিকক্ষে মোবাইল ফোন না নিয়ে যাওয়া, পাঠদানের আগে সংশ্লিষ্ট বিষয়ে প্রস্তুতি নেয়া, শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়া, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ও অতিরিক্ত ক্লাস নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ. দা) সেলিম আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা বিএনপি’র সাবেক সদস্য ও উপজেলা বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড)-এর চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, বিএনপি নেত্রী ও বনপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, কালব-এর জেলা ম্যানেজার কোরবান আলী, বড়াল প্রেস ক্লাবের সভাপতি অমর ডি কস্তা সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন।
