স্বপ্ন জয়ের হাসি ১৩৫ মুখে

স্বপ্ন জয়ের হাসি ১৩৫ মুখে

ফন্ট সাইজ:

ঢাকার নবাবগঞ্জে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বক্তব্যে তিনি বলেন, তোমরা সফলতার সঙ্গে জীবনের প্রথম ধাপ অতিক্রম করেছো। আগামী দুই বছর তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আশাকরি, তোমরা এই সাফল্য ধরে রাখবে। লেখাপড়ার পাশাপাশি নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, ভালো ফলাফলের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা এবং নিজেদের পরিশ্রম সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এমন আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত ছিলেন অভিভাবকরাও। গেস্ট অব অনার হিসেবের উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ সানু মোল্লা।

ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরবের সভাপতিত্বে ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবু কালাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি ও কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম ও ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।