পুবাইলে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

গাজীপুরের পুবাইলে আফসানা আক্তার শিখা নামে ২১ বছর বয়সী এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মেহেদী হাসান মারুফসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন নিহতের বাবা মো. আফসার মিয়া। অভিযোগপত্রে বলা হয়, প্রায় ছয় মাস আগে মেহেদী হাসান মারুফের সঙ্গে আফসানার পরিচয় হয়। পরে কাজীর মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে অভিযোগ করেন নিহতের বাবা। গত ১৮ সেপ্টেম্বর রাত থেকে ১৯শে সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে কোনো এক সময় পূবাইলের তালটিয়া মধ্যপাড়ায় একটি ভাড়া বাসায় আফসানাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পরিবারের সন্দেহ।

পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ভবনের একটি কক্ষে আফসানার মরদেহ দেখতে পান। এ সময় স্বামী মেহেদী হাসান মারুফ ও তার পরিবারের লোকজনকে সেখানে পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাবা থানায় লিখিত এজাহার দিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। তবে আফসানার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।