গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুর থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিরাজুল খলিফা ওই গ্রামের লাল মিয়া ওরফে রাঙ্গা খলিফার ছেলে ও পেশায় ভ্যানচালক ছিলেন। পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মিরাজুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় তিনি পুকুরপাড়ের গাছের ডালে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। নিহতের বোন নুপুর বেগম বলেন, মিরাজুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন।
শুক্রবার দুপুরে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে ঢাকায় যাওয়ার কথা বলে মাদারীপুর যায়। পরে রাতে বাড়িতে ফিরে আসে। ধারণা করছি, সেখান থেকে ফিরে রাতের কোনো একসময় সে আত্মহত্যা করেছে। শনিবার সকালে স্থানীয়রা পুকুরপাড়ের একটি গাছের ডালে মিরাজুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে নামানোর জন্য স্থানীয়রা এগিয়ে গেলে গলায় প্যাঁচানো লুঙ্গি ছিঁড়ে তিনি পুকুরের পানিতে পড়ে যান। পরে খবর পেয়ে পুলিশ পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক রাব্বি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
