ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত ৩টার দিকে ও ভোর ৫টায় শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনের হাঁসাড়া এলাকায় রাত ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল রাস্তায় পাশ থেকে গাছ কেটে রাস্তায় ব্যারিকেড তৈরি করে।
এ সময় একটি পিকআপ ভ্যান ও দু’টি সিএনজি অটোরিকশা থামিয়ে ডাকাতরা পিকআপ ও অটোরিকশার চালক, সহকারী ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। পরে ভোর ৫টার দিকে একইস্থানে একই কায়দায় একটি সিএনজি ও একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ডাকাতি হয়। স্থানীয়রা জানায়, এই স্থানে গত এক বছরে বহুবার ডাকাতির ঘটনা ঘটেছে। শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
