বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। কোনো শিক্ষার্থী যেন মাদকাসক্ত না হয় এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে শিক্ষক ও অভিভাবকদের নজর রাখতে হবে। গতকাল ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, এলাকার উন্নয়ন করা এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য আপনারা প্রত্যেকে নিজের সন্তান মনে করে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতে হবে। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ভালো ফল করা শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।
শিক্ষকদের সুযোগ-সুবিধার বিষয়ে তিনি বলেন, শিক্ষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষক নেতারা সরকারের সঙ্গে আলোচনা করছেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি শিক্ষা কর্মকর্তাদেরও আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি। পরিবেশ রক্ষার প্রসঙ্গ তুলে আমান বলেন, খাল-নদী পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্ষা মৌসুমে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। এ সময় বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নেয়া হয়েছে। প্রতি বছর পাঁচ কোটি করে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পরিবারের কোনো সন্তান জন্ম নিলে তার নামে একটি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। আমান আরও বলেন, আজ আমি আছি, কাল হয়তো থাকবো না। আজ আপনারা অনেকে আছেন, কাল হয়তো থাকবেন না। কিন্তু আপনাদের কাজগুলো থেকে যাবে। তাই নিজের সন্তান, নিজের পরিবার ও নিজের আপনজন মনে করে কাজগুলো করবেন। দেশের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে ঢাকা-২ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়।
