মানিকগঞ্জের ঘিওরে চেতনানাশক প্রয়োগ করে শিক্ষকসহ একই পরিবারের ছয় সদস্যকে অচেতন করে বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও রুপার গয়না লুট করে নিয়ে গেছে। অসুস্থ সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অসুস্থরা হলেন— বাইলজুরী গ্রামের বাসিন্দা ও দৌলতপুর উপজেলার কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলী (৪০), তার মা বেদেনা বেগম (৬২), স্ত্রী জাহানারা আক্তার (৩২) এবং তাদের তিন সন্তান রাইয়ান হোসেন (১৪), রিদোয়ান হোসেন (১২) ও মাইশা আক্তার (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার শিক্ষক রমজান ও তার পরিবারের সবাই রাতের খাবার খেয়ে অচেতন ও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের সবাই হাসপাতালে থাকায় রাতে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। এই সুযোগটিকে কাজে লাগায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রথমে দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দু’টি ঘরের তালা ভেঙে প্রায় ৯ ভরি ৬ আনা ওজনের দুই জোড়া রুপার নূপুর ও তিনটি রুপার আংটি চুরি করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শিক্ষক রমজান বলেন, আগেই হয়তো আমাদের খাবারের সঙ্গে চেতনানাশক কিছু মেশানো হয়েছিল। এতে আমিসহ পরিবারের ছয়জনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই। বাড়ি ফাঁকা থাকায় এই সুযোগে দুর্বৃত্তরা চুরি করেছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে শনিবার সকালে বাড়িতে ফিরে দেখি সব তালা ভাঙা ও মালামাল এলোমেলো। এ বিষয়ে ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
