বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলে যাচ্ছেন জামাল ভূঁইয়া। সাবেক কোচ হ্যাভিয়ের কাবরেরার আমল থেকে শুরুর একাদশে নিয়মিত নন তিনি। বাস্তবতা মেনে নিয়ে আসিয়ান কাপ নিয়ে লাল-সবুজ কোচ টমাস ডুলি বড় স্বপ্ন না দেখালেও কোয়ালিফাইয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ অধিনায়ক। কেবল অংশ নিতেই নয়, ২০১৮ সালের মতো এবারও ইন্দোনেশিয়ার মাটিতে চমক দেখানোর স্বপ্ন জামাল ভূঁইয়ার।
আসিয়ান কাপকে সামনে রেখে কিংস অ্যারেনায় শেষবারের মতো দেশের মাটিতে অনুশীলন করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অনুশীলনের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য জানিয়ে জামাল বলেন, ‘যেকোনো টুর্নামেন্টে গিয়ে আমরা যদি বলি কেবল অংশ নিতে এসেছি, তা হয় না। দলের প্রতিটি খেলোয়াড়ের লক্ষ্য অবশ্যই আমরা কোয়ালিফাই করতে চাই। এটা তো আমাদের এক্সপেক্টেশন থাকতেই হবে। কোনো টুর্নামেন্টে গিয়ে শুধু অংশগ্রহণ করবো, এভাবে তো হয় না। সবারই অ্যাম্বিশন আছে, আমারও আছে। আমার মনে হয়, সব খেলোয়াড়েরই একটা অ্যাম্বিশন আছে। আমরা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে চাই। কারণ এটা আমাদের জন্য প্রথম বড় ফিফা টুর্নামেন্ট। তাই সবার কাছেই বড় একটা এক্সপেক্টেশন আছে— পরের রাউন্ডে যাওয়া।’ আসিয়ান কাপে গ্রুপপর্বে তিন হ্যাভিওয়েটের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। ফিফার বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়া (১১৮), মালয়েশিয়া (১৩৬), সিঙ্গাপুর (১৪৪) বাংলাদেশের (১৮১) চেয়ে অনেক এগিয়ে। তাদের দলে ইউরোপীয় লীগে খেলা একাধিক ফুটবলার রয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশের কোচ টমাস ডুলি শিষ্যদের নিয়ে বড় আশা দেখছেন না। কিন্তু জামাল হাল ছাড়তে নারাজ। তিনি বলেন, ‘মানুষের অনেক প্রত্যাশা থাকে, এটাই সত্যি। কারণ সবাই জিততে চায়। আমার মনে হয়, কোচ র্যাঙ্কিংয়ের কথা বিবেচনা করে এমনটা বলেছেন। কারণ, এই গ্রুপে আমরাই সবচেয়ে পিছিয়ে। তবে অধিনায়ক হিসেবে আমার প্রত্যাশা হলো, আমরা কোয়ালিফাই করতে চাই।’ পরের রাউন্ডে কোয়ালিফাই করা যে কঠিন সেটা ভালো করেই জানেন জামাল। তবে সেই কঠিন পথে ২০১৮ সালে এশিয়ান গেমসকে নিচ্ছেন অনুপ্রেরণা হিসেবে। ওই বার কঠিন গ্রুপে থেকেও এশিয়ান গেমেসর শেষ ষোলোয় ওঠে বাংলাদেশ। সেই স্মৃতি মনে করে জামাল বলেন, ‘আমরা জানি কাজটা কঠিন হবে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া অনেক শক্তিশালী দল। তবে ২০১৮ সালে আমরা যখন ইন্দোনেশিয়ায় ছিলাম, আমাদের গ্রুপে উজবেকিস্তান, থাইল্যান্ড ও কাতার ছিল। তখন কেউ ভাবেনি আমরা কোয়ালিফাই করবো। কিন্তু আমরা ঠিকই শেষ ষোলোতে গিয়েছিলাম। এবারও তেমন কিছু হতে পারে।’ লম্বা সময় স্থানীয় ফুটবলাররা মাঠের বাহিরে থাকায় দুইবেলা অনুশীলন করিয়ে শিষ্যদের প্রস্তুত করেন টমাস ডুলি। অনুশীলনে চোট পেয়ে আসিয়ান কাপ থেকে ছিটকে গেছেন বিশ্বনাথ ঘোষ। জামালও পেশিতে টান পেয়েছেন। রক্ষণভাগের তপু বর্মণও স্কোয়াডে নেই। অনুশীলনের চাপে চোট প্রবণতা বেড়েছে কিনা এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা এখন প্রি-সিজনে আছি। প্রি-সিজন প্র্যাকটিস একটু কঠিনই থাকে, এখানে লোড একটু বেশি নিতে হয়। সম্ভবত সেই কারণেই ইনজুরি কিছুটা বেশি হয়েছে।’
ফিফা আসিয়ান কাপ
ইন্দোনেশিয়া যাওয়ার আগে যা বলেছেন জামাল ভূঁইয়া
স্পোর্টস রিপোর্টার
খেলা
১ ঘন্টা আগে
১৯ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬, ৭ঃ৩৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
