জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের এই আন্দোলন কোনো দল ও গোষ্ঠীর জন্য না, ১৮ কোটি মানুষের দাবি আদায় নিয়ে মাঠে নেমেছি। আর সেই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব ইনশা আল্লাহ।’ শনিবার দুপুর ২ টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড় এলাকায় ঢাকা থেকে রংপুরগামী লংমার্চের এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘৮ দফা এক দফায় পরিণত হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই সরকার যেন ৮ দফা বাস্তবায়ন করে। আর এই দাবি মানতে ব্যর্থ হলে এক দফা নিয়ে মাঠে নামবো। আমরা কোনো কিছুতেই পরোয়া করবো না।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘সভায় আসার পথে সড়কের দু’পাশ থেকে অসংখ্য মানুষ এক আঙুল দেখিয়ে এক দফা চায়।’ তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, ‘আপনেরাও কি এক দফা চান।’ উত্তরে সবাই বলেন—হ্যাঁ।
তিনি বলেন, ‘আজ ৮ দফা দাবি নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা বাস্তবায়ন না হলে যেকোনো সময় ৮ দফা এক দফায় পরিণত হবে। আপনেরা প্রস্তুতি নিন, ঘরে ঘরে আমাদের সালাম পৌঁছে দিন।’
পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি সর্বক্ষেত্রে দলীয় করণের মাধ্যমে দেশে এক দলীয় শাসন শুরু করেছে। কিন্তু আমরা ভয় পাইনা, কারণ আমরা চব্বিশের সন্তান। চব্বিশে গণঅভ্যুত্থানে আপনারা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না ‘
এই সরকার স্বৈরাচার হয়ে উঠবে যদি তেল, গ্যাস, বিদ্যুৎ ও কৃষকের সার নিশ্চিত করতে না পারে। আমরা এসব দাবি আদায়ে লংমার্চ করছি, কিন্তু অনতিবিলম্বে ঢাকা শহরে মহাসমাবেশ হবে। তিনি সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
