ভারতের বিপক্ষে অনিশ্চিত রাচিন

বিজ্ঞাপনী শুটিংয়ে চোট

ভারতের বিপক্ষে অনিশ্চিত রাচিন

ফন্ট সাইজ:

একটি বিজ্ঞাপনী শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোটে পড়েছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। অকল্যান্ডে গত ১৬ই সেপ্টেম্বর এই দুর্ঘটনা ঘটে। ফলে আগামী মাসেই শুরু হতে চলা ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, শুটিংয়ের অংশ হিসেবে ক্যাচ লুফে নিতে গিয়ে নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান রাচিন। এতে তার ডান কাঁধের হাড়ের সংযোগ বিচ্ছিন্ন (ডিসলোকেশন) হয়। প্রাথমিক পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা বড় কোনো স্থায়ী ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিলেও, তার মাঠে ফেরা নির্ভর করছে পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর।

নিউজিল্যান্ডের পরবর্তী আন্তর্জাতিক সূচি শুরু হচ্ছে আগামী ২২শে অক্টোবর। ঘরের মাঠে ভারতের বিপক্ষে এই সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর রয়েছে ওয়ানডে ও টেস্ট ম্যাচ। আগামী সপ্তাহেই টি-টোয়েন্টি দল ঘোষণা করার কথা রয়েছে। তবে রাচিনকে দলে পাওয়া যাবে কি না, তা নিয়ে টিম ম্যানেজমেন্ট এখনই নিশ্চিত কিছু বলতে পারছে না।

এই অপ্রত্যাশিত চোট নিয়ে নিউ জিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল হতাশা প্রকাশ করে বলেন, ‘এটি সত্যিই দুর্ভাগ্যজনক চোট। রাচিনের জন্য আমরা হতাশ। এখন আমাদের প্রধান লক্ষ্য, সে যেন ভালোভাবে সেরে ওঠে ও যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে।’ শুটিংয়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়দের নিয়ে সব বাণিজ্যিক শুটিংয়ের কার্যক্রমই সংশ্লিষ্ট সবার সম্মতিতে আগে থেকে ঠিক করা হয়। এ ক্ষেত্রেও যথাযথ নিরাপত্তা-ব্যবস্থা রাখা হয়েছিল। এটি কিছুটা অপ্রত্যাশিত একটি দুর্ঘটনা ছিল। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াগুলো আমরা আরও পর্যালোচনা করব।’

সামনেই নিউজিল্যান্ডের দীর্ঘ ও ব্যস্ত টেস্ট সূচি থাকায় রাচিনকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে নারাজ দলের কোচ রব ওয়াল্টার। তিনি স্পষ্ট জানিয়েছেন, পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত এই তারকাকে মাঠে নামানো হবে না। ওয়াল্টার বলেন, ‘আগামী ছয় মাসে আমাদের টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি আছে। তাই প্রয়োজনের আগে রাচিনকে দ্রুত মাঠে ফেরানোর কোনো তাড়া নেই। আশা করছি, শিগগিরই ওকে আবার দলে স্বাগত জানাতে পারবো।’

চিকিৎসকদের কঠোর তত্ত্বাবধানে থাকা রাচিনের পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহের ফল দেখে তার ফেরার চূড়ান্ত সময় নির্ধারণ করা হবে। ১লা নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর নভেম্বরেই ওয়ানডে ও টেস্ট সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।