সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ‘৩ শিশু সন্তানসহ এক পিতার বিষপানের’ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর মুমূর্ষু অবস্থায় তাদের পিতা সরাফত আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত শিশুরা হলো—রজনী লাইন গ্রামের সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ওই পিতা তার তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। পরে বিষয়টি জানতে পেরে প্রতিবেশীসহ আত্মীয়-স্বজনরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক ৩ শিশুকে মৃত ঘোষণা করেন এবং আহত পিতাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, ‘ভোরে মৃত শিশুদের পরিবারের লোকজন তাকে বিষয়টি জানান। তাদের বাবা সন্তানদের বিষ খাইয়ে নিজেও বিষপান করেছেন।’ তিনি আরও বলেন, ‘পরিবারের লোকজন জানিয়েছেন শিশুদের মা প্রবাসে থাকেন। গত ৩-৪ দিন আগে তিনি দেশে এসেছিলেন। আবার চলেও গেছেন। শিশুদের বাবা জুয়া ও মাদকে আসক্ত বলেও তারা জানিয়েছেন।’
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসাদ আহমেদ বলেন, ‘সকাল ৮টার দিকে ৩ শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের বিষপান করানো হয়েছে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।’
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খুব ভোরে খবর পেয়ে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে দেখতে পাই ৩ শিশু মেঝেতে পড়ে রয়েছে। তাদের পিতাকে আত্মীয়-স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।’
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, ‘তিন শিশুর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে এখনো জানা যায়নি। শিশুদের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কী কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা তদন্ত করছে পুলিশ।’
