রাজধানীর শাহ আলী এলাকায় ৭০ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মো. মনিরুল ইসলাম ওরফে মিনারকে (৪৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার রাজধানীর কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি জানান, তিনদিন আগে শাহ আলী থানার চিলড্রেন পার্ক পানির পাম্প সংলগ্ন একটি টিনশেড বাসায় ওই নারীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যান মনিরুল। ঘটনার পর পরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি।
এসআরবি জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনিরুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় এসআরবি-৪ এর একটি দল তেজগাঁও থানার কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। এরপর প্রায় ছয় মাস আগে মনিরুল ইসলামকে বিয়ে করেন তিনি। বিয়ের পর কিছুদিন তারা রাজধানীর বনানী এলাকায় বসবাস করেন। চলতি সেপ্টেম্বরের শুরুতে তারা শাহ আলী থানার চিলড্রেন পার্ক পানির পাম্পের পাশে একটি টিনশেড বাসা ভাড়া নেন।
এসআরবি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নিহত নারী গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা নেয়ার জন্য মনিরুল তাকে চাপ দিতেন বলে অভিযোগ রয়েছে। টাকা দেয়া নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই নারীকে নির্যাতন করা হতো। লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, গত ১৪ই সেপ্টেম্বর রাতে ওই টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারো কথা কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে ওই নারী মনিরুলের অণ্ডকোষ চেপে ধরেন বলে জানা গেছে। তখন কাছে থাকা একটি চাকু দিয়ে মনিরুল স্ত্রীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মনিরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা করেছে। মনিরুলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
