সুদের হার বেড়ে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ জাপানে

ফন্ট সাইজ:

সুদের হার বাড়িয়ে ৩১ বছরের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে ব্যাংক অব জাপান (বিওজে)। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং মজুরি বৃদ্ধির চাপ সামাল দিতেই জাপানের মূল সুদের হারের এই বৃদ্ধি। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি করে ১ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে। এ খবর জানিয়েছে অনলাইন আল জাজিরা। গত জুনের পর সুদের হারে এটিই প্রথম কোনো বৃদ্ধি। এর মাধ্যমে দীর্ঘ কয়েক দশক ধরে বজায় রাখা অতি-নিম্ন সুদের নীতি থেকে পুরোপুরি সরে আসার ইঙ্গিত দিলো জাপান। জ্বালানির মূল্যবৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ সংকট এবং অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় দেশটি এখন বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।

খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাড়তি খরচের বোঝা সাধারণ ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া জনসংখ্যা হ্রাসের কারণে দেশটিতে শ্রমিক সংকট প্রকট হওয়ায় মজুরি বাড়ছে, যা অর্থনীতিতে কাঠামোগত স্থায়ী চাপ তৈরি করেছে। এদিকে সমপ্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির পদক্ষেপও জাপানের এই সিদ্ধান্তের পেছনে বড় প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুদের হারের ব্যবধান বেড়ে গেলে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে পড়ে এবং আমদানি ব্যয় বেড়ে গিয়ে মূল্যস্ফীতি আরও তীব্র আকার ধারণ করে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও গত সপ্তাহে তাদের সুদের হার আড়াই শতাংশে উন্নীত করেছে। এমন পরিস্থিতিতে ব্যাংক অব জাপানের গভর্নর কাজুও উয়েদা ভবিষ্যতে সুদের হার আরও কতোটা বাড়াতে পারেন, সেদিকেই এখন নজর রাখছেন বাজার বিশ্লেষকরা।