হবিগঞ্জের বানিয়াচংয়ে এক যুবককে অতর্কিতভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে বানিয়াচং থানার পূর্বপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত যুবক শেখ জাহিদুল মিয়া (৩২) ওই গ্রামের মৃত লোকমান মিয়ার পুত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, মাহতাব খানের ছেলে মজিদ খান গংদের সঙ্গে জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্বে জাহিদুলদের পরিবারের ওপর হামলা চালানো হয়েছিল।
ওই বিরোধের জেরেই ২০১৫ সালে জাহিদুলের চাচা শেখ জয়নাল মিয়া এবং ভাই শেখ সাহাব উদ্দিনকে হত্যা করা হয়, যা নিয়ে বর্তমানেও আদালতে মামলা চলমান আছে। সকালে জাহিদুল বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে তাকে একটি সংঘবদ্ধ বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রভাষ কুমার সিংহ, বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হকসহ পুলিশের একটি টিম। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে কাজ করছে।
