দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের একদিন পর তাসরিফুল ইসলাম তিতুমীর (১৩) নামে এক কিশোরের মরদেহ করতোয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকায় করতোয়া নদীতে একটি মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে নবাবগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত তাসরিফুল তিতুমীর উপজেলার কাচদহ গ্রামের আবুল কাশেমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাসরিফুল নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজেও তার সন্ধান পাননি। শুক্রবার বিকালে কাচদহ এলাকায় করতোয়া নদীতে মরদেহ ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়লে তাসরিফুলের স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা মরদেহটি তাসরিফুলের বলে শনাক্ত করেন। নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
