সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফন্ট সাইজ:

মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বিকাল সোয়া ৫টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ইতিমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক স্বপন সেখ মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংগঠনের কর্মকাণ্ড আরও চাঙা করতে শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে। দলটির সাংগঠনিক সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ই জুলাই ১৯ সদস্যবিশিষ্ট ছাত্রদলের জেলা কমিটি ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। এতে জুনায়েদ হোসেন সবুজকে সভাপতি ও সেরাজুল ইসলাম সেরাজকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরবর্তী ২০২১ সালের ২৫শে সেপ্টেম্বর ৪২৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এতে ৮৮ জনকে সহ-সভাপতি, ৬৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৩২ জনকে সহ-সাধারণ সম্পাদক, ৫৪ জনকে সহ-সাংগঠনিক ও ৯৪ জনকে সদস্য করা হয়।