কাপাসিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫

ফন্ট সাইজ:

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সকাল ১০টার দিকে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্প ট্রাক ও সিএনজি সড়কের পাশে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কাপাসিয়া থানার টোক তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি চিকিৎসক সামিয়া হক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অন্তত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।