সরিষাবাড়ীতে ইয়াবাসহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার ভাটারা ইউনিয়নের উত্তর ভাটারা গ্রামের আবু বক্কর ওরফে শাহ্‌ আলম (৪০)। তিনি ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নারী কেলেঙ্কারিসহ এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানান, যুবদল নেতা শাহ্‌ আলম চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি স্থানীয় এক গৃহবধূকে গোসলখানায় ঢুকে ধর্ষণের চেষ্টা করে। সে যাত্রায় দলীয় প্রভাবে পার পেলেও ১৯শে মার্চ গাঁজাসহ গ্রেপ্তার হয়ে জেলে যায়। জামিনে এসে ফের মাদকদ্রব্যের ব্যবসা শুরু করে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী শাহ্‌ আলমের বাড়িতে অভিযান চালায় ডিবি। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।