ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি ও বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানা পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রটির সামনে থাকা আরেকটি মাহিন্দ্রও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি কিছুদূর এগিয়ে মহাসড়কের মাঝখানে উল্টে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে এবং একটি স্কুলের সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজিচালিত অটোরিকশার গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের মুন্সিবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে বজলুর রহমান ডালিম (৩৬) এবং একই ইউনিয়নের কাজীর শিমলা খানবাড়ি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রাইতুল হাসান খান (৪০)। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে সিএনজি’র চার যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পর ইউনাইটেড পরিবহনের চালক পালিয়ে গেছেন। নিহত দু’জনের মরদেহ বর্তমানে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
