ময়মনসিংহের নান্দাইলে সাত বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টা ও পরবর্তীতে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী সরদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রাজন মিয়া (৭) স্থানীয় মোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, সকালে রাজনকে জলপাই কুড়ানোর কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী আবু বক্কর ছিদ্দিকের ছেলে তহসিন হৃদয় (১৪)। সেখানে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। এতে ভয় পেয়ে হৃদয় তার মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। পরে অভিযুক্ত কিশোর মরদেহটি বাড়ির পেছনের একটি পরিত্যক্ত বাথরুমে লুকিয়ে রাখে।
এদিকে শিশু রাজনকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এ সময় হৃদয়ের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে এবং মরদেহের অবস্থান দেখিয়ে দেয়। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নান্দাইল থানা হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত কিশোর স্বীকার করে যে, শিশুটি চিৎকার করায় সে তাকে হত্যা করেছে। নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত কিশোরকে আটক করেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
