ময়মনসিংহে ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গুর পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। হাসপাতালের পাঠানো পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৭ জন, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৩ জন। এদের মাঝে পুরুষ ৫৭ জন, নারী ৩৬ জন, শিশু ১০ জন। চলতি বছরে মোট চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৮৪ জন। মোট মৃত্যু হয়েছে ২০ জনের।

ডেঙ্গু আক্রান্ত মৃতরা হলেন, নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার গাছতলা বাজার এলাকার ইসহাক মিয়ার স্ত্রী কুলসুমা আক্তার (৫০)। তিনি গত ১৬ই সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়া আরেকজন আল-আমিন (৩৫) জেলার তারাকান্দা উপজেলার নুরুল ইসলামের ছেলে।

আল-আমিন গত ১৬ই সেপ্টেম্বর রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে গত বৃহস্পতিবার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন। তিনি আরও বলেন, চলতি বছরে অন্যান্য মাসের তুলনায় সেপ্টেম্বর ব্যাপক হারে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তিনি সকলকে ডেঙ্গুর বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান।