ধামরাইয়ে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফন্ট সাইজ:

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক জুয়েল (৪০), যাত্রী জাকারিয়া (১৩) ও আঁখি আক্তার (২৫)। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইলিয়াস হোসেন।

তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলায়। স্থানীয়রা জানায়, ৪ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা কালামপুর থেকে নাগরপুর যাওয়ার সময় নান্দেশ্বরী এলাকায় বিপরীতমুখী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার দুই যাত্রী ও সিএনজিচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত ২ জন সাটুরিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পিকআপের চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইলিয়াস হোসেন।