ইউরোপ ও ফ্রান্সের বিরুদ্ধে রাশিয়ার হাইব্রিড হামলার হুমকি আরও তীব্র হয়েছে বলে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
এলিসি প্রাসাদে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, এই হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতিরক্ষা শিল্পের স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে একটি পরিকল্পনা প্রস্তুতের জন্য তিনি ফরাসি সরকারকে নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।
ম্যাক্রোঁ বলেন, গত কয়েক সপ্তাহে ফ্রান্স রাশিয়ার হাইব্রিড হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলা কোনো প্রতিক্রিয়া ছাড়াই ছেড়ে দেয়া হবে না।
ইউরোপের ক্রমবর্ধমান সংখ্যক নেতা সতর্ক করে আসছেন যে, ইউক্রেনকে সমর্থন করার বিষয়ে তাদের অঙ্গীকার কতটা দৃঢ় তা যাচাই করতে রাশিয়া হামলার প্রস্তুতি নিতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের কারণে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ম্যাক্রোঁ।
এদিন ম্যাক্রোঁ আরও বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপীয়দের এবং ফ্রান্সের বিরুদ্ধে রাশিয়ার হাইব্রিড হুমকি তীব্র হয়েছে। এসব হামলার উদ্দেশ্য হলো আমাদের ভয় দেখানো এবং ইউক্রেনকে সমর্থনে আমাদের প্রচেষ্টা ভেঙে দেয়া। তবে এর ফল হবে ঠিক উল্টো।
তিনি জানান, ড্রোন ও সাইবার হামলা থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং “সবচেয়ে স্পর্শকাতর” প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি স্থাপনাগুলো সুরক্ষার দায়িত্ব সরকারকে দেয়া হয়েছে।
