সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

ফন্ট সাইজ:

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর করেছেন রোগীর স্বজনরা। শুক্রবার দুপুর ১টার দিকে শহরের মুজিব সড়কের পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন নিহতের ভাই পান্না শেখ। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের মাহিমের স্ত্রী শিউলী খাতুনের (২০) প্রসববেদনা উঠলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের চিকিৎসক সুলতান মাহমুদের নেতৃত্বে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। কিন্তু প্রসূতি বেডে নেয়ার পর বুকে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা বিষয়টি হাসপাতালের পরিচালক কামাল তালুকদার ও চিকিৎসকদের জানান।

পরে চিকিৎসকরা পরিস্থিতি বেগতিক দেখে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে প্রসূতিকে পুনরায় দ্বিতীয়বারের মতো অপারেশন থিয়েটারে (ওটি) নেয়। এরপর দীর্ঘ ৮ ঘণ্টা পর রাত ২ টার দিকে প্রসূতিকে অচেতন অবস্থায় ওটি থেকে বের করে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) রেফার্ড করেন। পরে রোগীর স্বজনরা সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বগুড়া শজিমেক হাসপাতাল থেকে মরদেহটি সিরাজগঞ্জ এনে নিহতের স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিহতের ভাই পান্না শেখের অভিযোগ, ভুল চিকিৎসায় তার বোনের মৃত্যু হয়েছে। আর এ কারণেই তার সিজারিয়ানের পর বুকে তীব্র ব্যথা শুরু হয়েছিল। তিনি হাসপাতালের লাইসেন্স বাতিল, দুই চিকিৎসক ও পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক বা কর্তৃপক্ষের কারও বক্তব্যও নেয়া সম্ভব হয়নি। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ওই প্রসূতি মৃত্যুর ঘটনায় অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।