পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, মাটির নিচে পানির স্তর দিন দিন কমে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের বর্তমান যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য মাটির নিচ থেকেও পানি তুলতে হচ্ছে। সেই পানি যেন সবাই পায়, তার একটা নিশ্চয়তা আমরা তৈরি করার চেষ্টা করছি। শুক্রবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্রা এলাকায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকার কাজ করছে। সুপেয় পানি সরবরাহের জন্য বর্তমানে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে। এই পানি যেন জেলার সব মানুষের জন্য নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খানসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাড়িয়ে বাস্তবায়ন করা সম্ভব না হলে মানুষের কল্যাণে তা কোনো কাজে আসবে না। বিদ্যমান প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন প্রকল্পের সময় কমবে, অন্যদিকে অর্থেরও সাশ্রয় হবে। তিনি বলেন, আমরা চাই, শুধু প্রকল্পের সংখ্যা না বাড়ুক। একটার পর একটা প্রকল্পের সংখ্যা বাড়ালে সময়ও অনেক বেশি লাগে। কিন্তু এই প্রকল্পের মধ্যদিয়েই যদি আমরা নিশ্চিত করতে পারি যে, মানিকগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা হবে- সেটাই হবে আমাদের সার্থকতা।
