দীর্ঘ ৮ মাস ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালী ১নং ওয়ার্ডের বাসিন্দা মোতাহার বিশ্বাসের স্ত্রী শিউলী বেগম। কিন্তু অর্থাভাবে বর্তমানে তার জীবন রক্ষাকারী চিকিৎসা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। পেশায় দিনমজুর ও ভ্যানচালক স্বামী মোতাহার বিশ্বাসের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা ব্যয়ভার বহন করা আর সম্ভব হচ্ছে না। ?পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোতাহার প্রতিদিন কঠোর পরিশ্রম করে যে সামান্য আয় করেন, তা দিয়ে স্ত্রীর নিত্যপ্রয়োজনীয় ওষুধ কেনাই কঠিন হয়ে পড়েছে। দিন দিন টাকার অভাবে থমকে যাচ্ছে শিউলী বেগমের চিকিৎসা।
পাঁচ সদস্যের পরিবারটিতে এখন ঠিকমতো তিনবেলা অন্নসংস্থান করাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিউলী বেগমকে বাঁচাতে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। তবে এর জন্য দরকার কয়েক লাখ টাকা- যা এই নিঃস্ব পরিবারের সাধ্যের একেবারেই বাইরে। এমতাবস্থায়, সহধর্মিণীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এবং পরিবারটিকে টিকে রাখতে সমাজের দানশীল, মানবিক ও বিত্তবান ব্যক্তি এবং প্রবাসী ভাইদের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন অসহায় মোতাহার বিশ্বাস। আপনার ক্ষুদ্রতম সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একটি তরতাজা প্রাণ। সেইসঙ্গে পরিবারের পক্ষ থেকে মোতাহার বিশ্বাস তার স্ত্রীর পূর্ণ সুস্থতা জন্য সকলের প্রতি মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেছেন।
