জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা নেতৃত্বে পবিপ্রবি

ফন্ট সাইজ:

জিএসটি গুচ্ছের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। আগামী ১৯, ২০ ও ২৭শে মার্চ চারটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘বি’ ইউনিট ১৯শে মার্চ, ‘সি’ ও ‘ডি’ ইউনিট ২০শে মার্চ এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ২৭শে মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে উপাচার্যদের সভায় ভর্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভর্তি পরীক্ষার মূল কমিটির কনভেনর ও পবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এর আগে ১১ই সেপ্টেম্বর ঢাকায় উপাচার্যদের সভায় জিএসটি ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পবিপ্রবিকে দেয়ার সিদ্ধান্ত হয়। বর্তমানে গুচ্ছে ২০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর সঙ্গে নতুন আরও তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। ভর্তি পরীক্ষার মূল কমিটির কনভেনর ও পবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে সম্পন্ন করতে উপাচার্যদের নিয়ে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে নিজ এলাকা বা নিকটস্থ কেন্দ্রে পরীক্ষা দেয়ার সুযোগ রাখার বিষয়ে অধিকাংশ উপাচার্য মত দিয়েছেন।