ফেসবুকে পরিচয়, প্রেমের সম্পর্কের পর বিয়ে- এরপর মাত্র দেড় বছরের মাথায় দাম্পত্য জীবনে দেখা দেয় বিরোধ। একপর্যায়ে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ করেন স্ত্রী মুন্নি আক্তার। দীর্ঘদিনের বিরোধ ও পারিবারিক অস্থিরতার পর অবশেষে পুলিশের সহযোগিতায় স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্কের অবসান ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় উভয়পক্ষের উপস্থিতিতে সমঝোতা বৈঠকের মাধ্যমে সংগীতশিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার ইউসুফ রায়হান এবং তার স্ত্রী মুন্নির স্থায়ীভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। মুন্নি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগীপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর থানা পুলিশ উভয়পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্টদের বক্তব্য শোনা হয় এবং স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মতির ভিত্তিতে দাম্পত্য সম্পর্কের স্থায়ী অবসানের সিদ্ধান্ত নেয়া হয়। সমঝোতা সূত্রে জানা যায়, কাবিননামায় নির্ধারিত দেনমোহরের পরিমাণ ছিল ৩ লাখ টাকা। সমঝোতার অংশ হিসেবে এর অর্ধেক অর্থাৎ ১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের মাধ্যমে আর্থিক বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
